শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে ইব্রাহিম সিপাহী (যুবলীগ কর্মী) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষের সময় বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর, কয়েকটি তাঁবুতে অগ্নিসংযোগ এবং অন্তত ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য সোনামুখী এলাকার হাফিজ উদ্দীন সিপাহীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর সাড়ে ৫টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে, তাদের কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাত থেকেই ওই এলাকায় অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েক দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ককটেল বিস্ফোরণ চলে।
সংঘর্ষের একপর্যায়ে গুলিতে ইব্রাহিম সিপাহী নিহত হন বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। এ ছাড়া বিএনপির নেতাকর্মীদের কয়েকটি তাঁবুতে আগুন দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় ২০ থেকে ২৫টি মোটরসাইকেল। পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে অবস্থিত ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্তোরাঁয়ও অগ্নিসংযোগ করা হয়। এতে রেস্তোরাঁর আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
এ সময় সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সেখান থেকে সরে যান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছান। তারা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাওডোবা এলাকায় অবস্থান নেন।
সকাল ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল পুনরায় শুরু হয়। পদ্মা সেতু দিয়েও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধের কারণে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা এ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান জানান, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছিল। সকালে টোল প্লাজার কিছুটা দূরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়।
তিনি আরও জানান, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।