১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের মূল উদ্দেশ্য বাঙালি জনগণকে সহায়তা করা নয়, বরং পাকিস্তানকে দুর্বল করা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির পার্লামেন্ট হাউস পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশকে একটি প্রতিবেশী দেশের উপনিবেশে পরিণত করা হয়েছিল। বাইরের প্রভাবের কারণে দেশের মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি দেশে ফিরলে সরাসরি কারাগারে যেতে হবে। তার অভিযোগ, শেখ হাসিনা একটি ‘মুসলিমবিরোধী দেশে’ আশ্রয় নিয়েছেন। ভারত যদি তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়, তাহলে ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হবে।
স্পিকারের দাবি, দলীয় সমর্থকদের আশ্বস্ত করতেই শেখ হাসিনা দেশে ফেরার কথা বলছেন। আগামী এক দশকেও তার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন তিনি।
এ সময় আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করেন হাফিজ উদ্দিন আহমদ। দলটিকে নিষিদ্ধ করার বিষয়টি সরকার বিবেচনা করছে বলেও জানান তিনি।
ইসলামাবাদে দেওয়া বক্তব্যে স্পিকার জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সংকট সমাধানের আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়া ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির নির্বাচনে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানান তিনি।
সূত্র: ইয়েনি সাফাক