শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

জাতীয়

অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকার

অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ। দুই দেশের জনগণের মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধার গভীর অনুভূতি রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে এ সম্পর্ক আরও জোরদার করা সম্ভব বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির […]

অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৭ নভেম্বর ২০২৬, ১৩:৩৪

অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ। দুই দেশের জনগণের মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধার গভীর অনুভূতি রয়েছে।

বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে এ সম্পর্ক আরও জোরদার করা সম্ভব বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) বরাতে ঢাকার পাকিস্তান হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই) পরিদর্শন করে। সেখানে আয়োজিত এক মতবিনিময় সভায় স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন, পাকিস্তান সফর তার জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা। দেশটির নেতৃত্বের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তা প্রশংসনীয়।

দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো জরুরি।
তিনি বলেন, লাহোর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের চেম্বারগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর এবং ব্যবসায়ী-ব্যবসায়ী (বিটুবি) বৈঠকের মাধ্যমে পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে এলসিসিআইয়ের সভাপতি আলী হুসাম আসগর স্বাগত বক্তব্য দেন। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয়, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি বাংলাদেশের শিল্পোন্নয়ন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, ব্যবসায়িক সংস্কার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রশংসা করেন। বাংলাদেশের অভিজ্ঞতা থেকে পাকিস্তান উপকৃত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এলসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সারদার উসমান ঘানি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের এ সফর দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতার নতুন সুযোগ অনুসন্ধানে সহায়ক হবে।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট চৌধুরী খাদিম হোসেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলে আরও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি ও নাসের রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (এসএ-২) জাকারিয়া বিন আমজাদসহ অন্যরা।

এ ছাড়া অনুষ্ঠানে পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয়

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই […]

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। একই সুবিধা পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও।

গ্রাহকদের জন্য এটিকে শেষ সুযোগ উল্লেখ করে আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এদিকে, গাড়ি বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তনের বিষয়েও সতর্ক করেছে বিআরটিএ। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু অনেক ক্রেতা মালিকানা পরিবর্তন না করেই গাড়ি ব্যবহার করছেন। এতে পুরনো মালিককে বিভিন্ন আইনি ও আর্থিক জটিলতায় পড়তে হচ্ছে।

বিআরটিএ জানিয়েছে, মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া এখন আরও সহজ করা হয়েছে। অনলাইনে আবেদন করার পর বিক্রেতার বায়োমেট্রিক বা আঙুলের ছাপ যাচাই করে একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক দিতে পারছেন।

নির্ধারিত নিয়ম অনুযায়ী দ্রুত মালিকানা পরিবর্তন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিআরটিএ।

অন্যদিকে, সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকরের অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তনের কার্যক্রমও শুরু হয়েছে। প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে ১২টি পয়েন্ট থাকে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্টও কেটে নেওয়া হচ্ছে।

জাতীয়

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি ৬ বছর বয়স থেকে তথ্য নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ […]

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৮ নভেম্বর ২০২৬, ১৭:০১

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি ৬ বছর বয়স থেকে তথ্য নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে না। তবে, অব্যবহৃত ইভিএমগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন।

জাতীয়

আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পাঁচ ধাপে শুরু ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। পাঁচ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যা ২০২৭ সালের ২৭ মে শেষ হতে পারে। তবে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে নির্বাচনের চূড়ান্ত তারিখ জানানো হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে […]

আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পাঁচ ধাপে শুরু ইউপি নির্বাচন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১২ অক্টোবর ২০২৬, ১২:৫৫

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। পাঁচ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যা ২০২৭ সালের ২৭ মে শেষ হতে পারে। তবে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে নির্বাচনের চূড়ান্ত তারিখ জানানো হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ৮১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। পাশাপাশি দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি ৭২৭ ইউনিয়ন পরিষদে ভোট হতে পারে। এ ছাড়া তৃতীয় ধাপে আগামী ২ মে ৭৯০ ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে পারে।

এদিকে আগামী ১৩ মে চতুর্থ ধাপে ৯৫১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। আর সবশেষ পঞ্চম ধাপে বাকি ইউনিয়ন পরিষদে আগামী ২৭ মে ভোট অনুষ্ঠিত হতে পারে।

তবে সোমবারের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। ইতোমধ্যে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ নিয়ে বৈঠক শুরু হয়েছে। যেখানে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।