মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় খালের ওপর নির্মিত একটি সেতু হেলে পড়ে থাকায় দীর্ঘ চার বছর ধরে বন্ধ রয়েছে যান চলাচল। সেতুর গোড়ার মাটি সরে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে দুই পাশের সংযোগ সড়ক। এতে বিকল্প হিসেবে তৈরি করা বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে অন্তত নয়টি গ্রামের বাসিন্দাদের। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, নারী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা।
উপজেলার হোসেন্দী ইউনিয়নের নাজিরচর গ্রামে ইউসুফ মিয়ার বাড়ির পাশে খালের ওপর সেতুটির অবস্থান। সরেজমিনে দেখা যায়, সেতুটি পশ্চিম দিকে হেলে পড়ে রয়েছে। দুই পাশের সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এটি দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ। খালের ওপর তৈরি করা সরু বাঁশের সাঁকোই এখন এলাকাবাসীর পারাপারের একমাত্র ভরসা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নারী-পুরুষ ও শিশুরা এই সাঁকো ব্যবহার করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০০ সালে সেতুটি নির্মাণ করা হয়। ২০২২ সালে খাল খননের সময় সেতুর গোড়া থেকে মাটি সরে যেতে শুরু করে। ধীরে ধীরে সেতুটি হেলে পড়ে এবং দুই পাশের সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এলাকাবাসী নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে কোনো রকমে যাতায়াত করছেন।
সেতুটি ব্যবহার করে হোসেন্দী ইউনিয়নের নাজিরচর, কবরস্থান ও চকের বাড়ি এবং গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদী, দক্ষিণ ফুলদী, সোনাইর কান্দী, নাগেরচর, প্রধানেরচর, আমিরাবাদ, ভৈরবদী, রামদী ও পানশালের চর এলাকার মানুষ চলাচল করতেন। সেতুটি অকেজো হয়ে পড়ায় দুই ইউনিয়নের এসব এলাকার বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াতে দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে কৃষকদের উৎপাদিত ফসল পরিবহনেও বাধার সৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দা জসিম বলেন, চার বছর ধরে সেতুটি হেলে পড়ে আছে। দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে। কৃষকদের জমির ফসল বাড়িতে আনা-নেওয়া করতেও অনেক কষ্ট হচ্ছে। মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত নতুন সেতু নির্মাণ করা প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা আকলিমা বেগম বলেন, প্রতিদিন সকালে ও বিকেলে শিশুরা এই সাঁকো দিয়ে স্কুলে যাতায়াত করে। সাঁকোটি খুবই ঝুঁকিপূর্ণ। অসাবধানতাবশত পা পিছলে গেলেই খালে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানান তিনি।
হোসেন্দী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ আলী মোল্লা বলেন, খাল খননের কারণে সেতুর গোড়ার মাটি ধীরে ধীরে সরে যাওয়ায় এটি হেলে পড়ে। দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে ইউনিয়ন পরিষদের অর্থায়নে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। নতুন সেতু নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। বিভিন্ন সভায় বিষয়টি তুলে ধরেও এখন পর্যন্ত সমাধান মেলেনি। দ্রুত নতুন সেতু নির্মাণ করে এলাকাবাসীর দুর্ভোগ দূর করা প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন বলেন, সেতুটি যেভাবে হেলে পড়েছে, তাতে এটি আর সংস্কার করা সম্ভব নয়। সেতুটি ভেঙে নতুন করে নির্মাণ করতে হবে।