বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

আলু নিয়ে কৃষক-ব্যবসায়ী ও হিমাগার মালিকদের হাহাকার,কেজিতে লোকসান ১৫ টাকা

মুন্সীগঞ্জ প্রতিনিধি দেশের আলুর রাজধানী হিসেবে পরিচিত মুন্সীগঞ্জে এবার আলুর বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষক, ব্যবসায়ী কিংবা হিমাগার মালিকদের মুখে। বাজারে আলুর দরপতনে উৎপাদন খরচ তো দূরের কথা, হিমাগারে সংরক্ষণ ও পরিবহন খরচও তুলতে পারছেন না সংশ্লিষ্টরা। প্রতি কেজি আলুতে ১৩ থেকে ১৪ টাকা এবং প্রতি বস্তায় ৮০০ টাকার বেশি লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। […]

আলু নিয়ে কৃষক-ব্যবসায়ী ও হিমাগার মালিকদের হাহাকার,কেজিতে লোকসান ১৫ টাকা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৫ নভেম্বর ২০২৬, ১৬:৪২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

দেশের আলুর রাজধানী হিসেবে পরিচিত মুন্সীগঞ্জে এবার আলুর বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষক, ব্যবসায়ী কিংবা হিমাগার মালিকদের মুখে। বাজারে আলুর দরপতনে উৎপাদন খরচ তো দূরের কথা, হিমাগারে সংরক্ষণ ও পরিবহন খরচও তুলতে পারছেন না সংশ্লিষ্টরা।

প্রতি কেজি আলুতে ১৩ থেকে ১৪ টাকা এবং প্রতি বস্তায় ৮০০ টাকার বেশি লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। অন্যদিকে উৎপাদন, পরিবহন, শ্রমিকের মজুরি ও হিমাগার ভাড়াসহ কৃষকদের প্রতি কেজি আলুতে খরচ পড়ছে ২৬ থেকে ২৭ টাকা। অথচ সেই আলু বিক্রি করতে হচ্ছে মাত্র ১০ থেকে ১২ টাকায়।

এমন পরিস্থিতিতে টানা দ্বিতীয়বারের মতো লোকসানের মুখে পড়ে ঋণের বোঝায় দিশেহারা হয়ে পড়েছেন আলুচাষিরা। বিপাকে পড়েছেন হিমাগার মালিকরাও। আগামী ১ ডিসেম্বর হিমাগারে আলু সংরক্ষণের সময়সীমা শেষ হচ্ছে। এর আগে সংরক্ষিত আলু খালাস করার বাধ্যবাধকতা থাকলেও বাজারে ক্রেতা না থাকায় কীভাবে এসব আলু সরানো হবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা।

টঙ্গিবাড়ীর আলু ব্যবসায়ী ও কৃষক আব্দুল মজিদ কাজী বলেন, ‘আমাদের অবস্থা খুব খারাপ। ১০ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। ব্যবসা শেষ, করার কিছু নাই। হিমাগারে আলু রাখার সময় খালি বস্তা কিনেছি ১০৫ টাকা দিয়ে। পরিবহন খরচ হয়েছে ১০০ টাকা।

সব মিলিয়ে বস্তা আনতেই খরচ ২০৫ টাকা। এরপর হিমাগার ভাড়া দিতে হচ্ছে ৩০০ টাকা। অর্থাৎ উৎপাদন খরচ বাদেই হিমাগারে আলু রাখতে খরচ হয়েছে ৫০৫ টাকা। অথচ এখন আলু বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়।

উৎপাদন খরচ তো দূরের কথা, হিমাগারে আনা ও ভাড়ার টাকাও উঠছে না। সব দিক দিয়ে গৃহস্থ ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষক কিছুই পাচ্ছেন না। আলুর কোনো দাম নেই, সবই লোকসান।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে মুন্সীগঞ্জের ছয়টি উপজেলায় ৩৪ হাজার ৬৬০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এতে উৎপাদন হয়েছে ১১ লাখ ১২ হাজার ৯৩২ মেট্রিক টন আলু। জেলায় আলু সংরক্ষণের জন্য ৭৪টি হিমাগার থাকলেও সচল রয়েছে ৬০টি। এসব হিমাগারের মোট ধারণক্ষমতা ৫ লাখ ৬০ হাজার মেট্রিক টন।

মৌসুমের শুরুতে জেলার হিমাগারগুলোতে প্রায় সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছিল। তবে গত ২০ নভেম্বর পর্যন্ত হিমাগারগুলোতে অবিক্রীত অবস্থায় পড়ে রয়েছে ১ লাখ ৬৬ হাজার ৪২৪ মেট্রিক টন আলু।

এর মধ্যে বীজ আলু ৬৮ হাজার ৯১২ মেট্রিক টন এবং খাবার আলু ৯৭ হাজার ৫১২ মেট্রিক টন। সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, শুধু অবশিষ্ট খাবার আলুতে সম্ভাব্য লোকসানের পরিমাণ দাঁড়াবে ১২৬ কোটি ৭৭ লাখ থেকে ১৩৬ কোটি ৫২ লাখ টাকা।

আলু ব্যবসায়ীরা জানান, মৌসুমের শুরুতে প্রতি বস্তা আলু কিনতে হয়েছে ১ হাজার ১০০ টাকায়। এর সঙ্গে হিমাগার ভাড়া ৩০০ টাকা যোগ করে প্রতি বস্তায় মোট খরচ দাঁড়িয়েছে ১ হাজার ৪০০ টাকা। অথচ বর্তমানে সেই আলু বিক্রি করতে হচ্ছে মাত্র ৪৫০ থেকে ৫৫০ টাকায়। ফলে প্রতি বস্তায় ৮০০ টাকারও বেশি লোকসান হচ্ছে।

কৃষকদের হিসাবেও লোকসানের চিত্র আরও ভয়াবহ। প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে ১৬ থেকে ১৮ টাকা। এর সঙ্গে পরিবহন, শ্রমিকের মজুরি ও হিমাগার ভাড়া যোগ করলে মোট খরচ দাঁড়ায় ২৬ থেকে ২৭ টাকা।

কিন্তু পাইকারি বাজারে সেই আলু বিক্রি হচ্ছে মাত্র ১০ থেকে ১২ টাকায়। অন্যদিকে খুচরা বাজারে একই আলুর দাম ১৮ থেকে ২০ টাকা। কৃষকরা মূলত পাইকারদের কাছে আলু বিক্রি করায় খুচরা বাজারের বাড়তি দামের কোনো সুফল পাচ্ছেন না।

গত মৌসুমের লোকসান কাটিয়ে ওঠার আশায় এবার অনেক কৃষক ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। কেউ কেউ গবাদিপশু ও জমিজমা বন্ধক রেখেও চাষাবাদে বিনিয়োগ করেন। কিন্তু এবারও ন্যায্য দাম না পাওয়ায় তাদের সেই আশা ভেঙে গেছে। পরপর দুই মৌসুম লোকসানে পড়ে অনেক কৃষকেরই এখন ঋণ পরিশোধ ও সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

কৃষক জুয়েল তালুকদার বলেন, ‘আমাদের আলুর দাম নেই। অথচ বীজ আলুর দাম আকাশছোঁয়া। ব্র্যাক, বিএডিসি ও এসিআইয়ের বীজ আলু প্রতি কেজি ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। বিদেশ থেকে আমদানি করা বাক্রের ৫০ কেজি আলুর দাম ১২ হাজার ৫০০ টাকা। অথচ আমরা হিমাগারে উৎপাদিত আলু বিক্রি করতে পারছি না।’

এদিকে আলুর দরপতনে কৃষকদের পাশাপাশি বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন হিমাগার মালিকরাও। টঙ্গিবাড়ীর নুর ও সানোয়ারা কোল্ড স্টোরের ব্যবস্থাপক আব্দুস ছাত্তার বলেন, ‘এ বছর আমাদের হিমাগারে ৪ লাখ ৪০ হাজার বস্তা আলু সংরক্ষণ করা হয়েছিল।

এখনো প্রায় এক-তৃতীয়াংশ আলু রয়ে গেছে। কৃষকদের কাছ থেকে আলু সংরক্ষণের সময় প্রতি বস্তার বিপরীতে ২০০ থেকে ৩০০ টাকা করে ঋণ দিয়েছি। যারা ২০০ টাকা ঋণ নিয়েছেন, তাদের কাছ থেকে হিমাগার ভাড়া ৩০০ টাকাসহ এখন প্রতি বস্তায় ৫০০ টাকা পাওনা রয়েছে। অথচ বাজারে আলু বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা। ফলে কৃষকরা আলু খালাস করতে আসছেন না।’

তিনি আরও বলেন, ‘হিমাগারে এখনো বিপুল পরিমাণ আলু থাকায় কোনো অংশের বিদ্যুৎ সংযোগ বন্ধ করা যাচ্ছে না। এতে প্রতি মাসে বড় অঙ্কের বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। বিদ্যুৎ, গ্যাস ও তেলের দাম বাড়লেও আলুর দাম নেই।

এ কারণে কৃষকদের পাশাপাশি হিমাগার মালিকরাও বড় লোকসানে পড়েছেন। শেষ পর্যন্ত কৃষকরা আলু না নিলে শ্রমিক দিয়ে সেগুলো বাইরে ফেলতে আরও অতিরিক্ত খরচ করতে হবে।’

দেওয়ান আইস অ্যান্ড কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক মো. ইব্রাহিম জানান, তাদের হিমাগারে সংরক্ষিত আলু ৩০ নভেম্বরের মধ্যে খালাস করার নির্দেশনা রয়েছে। কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলেও অনেক আলু অবিক্রীত থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বস্তাপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা লোকসানের পাশাপাশি বিদ্যুৎ বিল ও হিমাগার রক্ষণাবেক্ষণের ব্যয় বহন করতে হচ্ছে। এতে ব্যাংকঋণ পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে।

আলু সংরক্ষণের ক্ষেত্রেও দীর্ঘদিনের সংকটের কথা জানিয়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, মুন্সীগঞ্জে আলু উত্তোলন শুরুর আগেই রংপুরসহ উত্তরাঞ্চলের আলু এসে হিমাগারগুলোর প্রায় ৭০ শতাংশ জায়গা দখল করে নেয়।

ফলে জেলার কৃষকরা বাকি ৩০ শতাংশ জায়গায় আলু সংরক্ষণের সুযোগ পান। উৎপাদিত আলুর অর্ধেকেরও বেশি হিমাগারে রাখার সুযোগ না থাকায় অনেক কৃষক বাড়ির মাচায় আলু সংরক্ষণ করেন। দীর্ঘদিন মাচায় রাখার কারণে এসব আলুর একটি অংশ পচে যায়। পরে বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হাবিবুর রহমান বলেন, বর্তমানে আলুর বাজারমূল্য কম থাকায় কৃষকরা লোকসানের মুখে পড়েছেন। তাদের ক্ষতি কমাতে আলু নিয়ে করণীয় বিষয়ে লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে।

পাশাপাশি আলু উৎপাদনের খরচ কমানো এবং রপ্তানিযোগ্য আলু উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সারাদেশ

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

কুমিল্লায় ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে কক্সবাজারে অবস্থানের নতুন তথ্য সামনে এসেছে। সেখানকার একটি আবাসিক হোটেলের রেজিস্টারে তার নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’। বয়স দেখানো হয় ১৮ বছর। আর সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে পরিচয় দেওয়া হয় তার স্বামী হিসেবে। হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং রিয়াজের পরিচিত ব্যক্তিদের দেওয়া […]

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮

কুমিল্লায় ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে কক্সবাজারে অবস্থানের নতুন তথ্য সামনে এসেছে। সেখানকার একটি আবাসিক হোটেলের রেজিস্টারে তার নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’। বয়স দেখানো হয় ১৮ বছর। আর সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে পরিচয় দেওয়া হয় তার স্বামী হিসেবে।

হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং রিয়াজের পরিচিত ব্যক্তিদের দেওয়া তথ্য থেকে তাজমিনের কক্সবাজারে অবস্থান ও বাড়ি ফেরার আগের ঘটনাপ্রবাহ সম্পর্কে এসব তথ্য জানা গেছে।

হোটেলের রেজিস্টার অনুযায়ী, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে কক্সবাজারের কলাতলীতে কুটুমবাড়ি-সংলগ্ন সড়কের শেষ মাথায় অবস্থিত একটি তিনতলা আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষে ওঠে তাজমিন ও রিয়াজ। সেখানে তাজমিনের নাম ‘তানজু আক্তার’ এবং বয়স ১৮ বছর উল্লেখ করা হয়। রিয়াজের ঠিকানা হিসেবে বান্দরবানের লামা এলাকার তথ্য দেওয়া হয়। তার বাবার নাম লেখা হয় মনির আহমদ।

হোটেলের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, এক রাত অবস্থানের পর ৭ অক্টোবর বেলা ১১টার দিকে তারা হোটেল ছেড়ে চলে যান। রেজিস্টারে রিয়াজের দুটি মুঠোফোন নম্বর ও একটি জাতীয় পরিচয়পত্র নম্বরও পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর হোটেল ছাড়ার পর রিয়াজ তাজমিনকে কুমিল্লাগামী একটি বাসে তুলে দেন। এরপর বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে তাজমিন। অভিযোগ অনুযায়ী, অটোরিকশাচালক সুমন মিয়া তাকে ধর্ষণের পর হত্যা করেন।

পরদিন ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় করা হত্যা মামলায় সিএনজিচালক সুমন মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়।

রিয়াজের এক সহকর্মীর দাবি, ঘটনার প্রায় ১৭ দিন আগে ফেসবুকের মাধ্যমে তাজমিনের সঙ্গে রিয়াজের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তাজমিন কক্সবাজারে গেলে তারা একসঙ্গে সময় কাটান।

তবে রিয়াজের ঘনিষ্ঠ অন্য একটি সূত্রের দাবি, প্রায় পাঁচ মাস আগে তাদের পরিচয় হয়েছিল এবং এরপর থেকে নিয়মিত যোগাযোগ ছিল।

তাজমিনের বাড়ি ছাড়ার বিষয়ে জানা যায়, গত ৪ অক্টোবর এক বান্ধবীকে হাতঘড়ি দেওয়া নিয়ে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর সে বাড়ি থেকে বের হয়ে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় এক বান্ধবীর কাছে যায়।

সেখান থেকে মুঠোফোনে রিয়াজের সঙ্গে যোগাযোগ করলে তাকে কক্সবাজারে আসতে বলা হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। যাতায়াতের খরচ হিসেবে রিয়াজ বিকাশের মাধ্যমে ৫০০ টাকা পাঠিয়েছিলেন বলেও জানা গেছে।

সহকর্মী জানান, কক্সবাজার থেকে ফেরার জন্য ‘আইকনিক এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসের টিকিট কিনে তাজমিনকে তুলে দেন রিয়াজ। টিকিটের মূল্য ছিল ৯০০ টাকা।

ওই সহকর্মীর ভাষ্য অনুযায়ী, কুমিল্লায় পৌঁছে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পরও তাজমিনের সঙ্গে রিয়াজের মুঠোফোনে যোগাযোগ হচ্ছিল। এমনকি অটোরিকশাচালক সম্পর্কে কিছু তথ্যও রিয়াজকে জানিয়েছিল তাজমিন।

তবে রাত আনুমানিক দেড়টার দিকে তাজমিনের মুঠোফোনের লাইভ লোকেশন বন্ধ হয়ে যায়। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে দাবি করেন ওই সহকর্মী।

পরদিন টেলিভিশনের সংবাদে তাজমিনের হত্যার খবর জানতে পেরে রিয়াজ হতবাক হয়ে পড়েন বলেও জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াজের এক সহকর্মী আরও জানান, হত্যাকাণ্ডের খবর প্রকাশের পর রিয়াজ তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে সহযোগিতা চান। তাজমিনের হত্যার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

ওই সহকর্মীর তথ্য অনুযায়ী, রিয়াজ প্রায় তিন বছর ধরে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে কাজ করছেন। ঘটনার পর তিনি কর্মস্থল থেকে ছুটিতে রয়েছেন।

এদিকে রিয়াজের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য সরাসরি জানা সম্ভব হয়নি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, তাজমিন হত্যার ঘটনায় মুঠোফোনের কললিস্টসহ বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, গ্রেপ্তার আসামি হত্যার কথা স্বীকার করেছেন। তদন্ত শেষ হলে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও পরিষ্কার হবে।

তবে তাজমিনের কক্সবাজারে অবস্থান, হোটেলের রেজিস্টারে ভিন্ন নাম ও বয়স ব্যবহার এবং রিয়াজের সঙ্গে তার যোগাযোগের বিষয়গুলো তদন্তে কীভাবে বিবেচিত হচ্ছে, তা এখনো বিস্তারিত জানা যায়নি।

সারাদেশ

থানায় রণক্ষেত্র, পুড়িয়ে দেওয়া হলো পুলিশের গাড়িসহ ১০ যানবাহন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সময় পুলিশের গাড়িসহ অন্তত ১০টি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় থানার স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়েছে। কয়েকজন নেতাকর্মীকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটকের প্রতিবাদে একদল বিক্ষুব্ধ ব্যক্তি থানা ঘেরাও […]

থানায় রণক্ষেত্র, পুড়িয়ে দেওয়া হলো পুলিশের গাড়িসহ ১০ যানবাহন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ নভেম্বর ২০২৬, ১৩:২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সময় পুলিশের গাড়িসহ অন্তত ১০টি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় থানার স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়েছে।

কয়েকজন নেতাকর্মীকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটকের প্রতিবাদে একদল বিক্ষুব্ধ ব্যক্তি থানা ঘেরাও করেন। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পরে থানার ভেতরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে জানা গেছে। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

অগ্নিসংযোগে পুলিশের একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি থানার বিভিন্ন কক্ষ, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম পুড়ে গেছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলেও বাধা সৃষ্টি করা হয়।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং জননিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

সারাদেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, লুট মালামাল

আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি  নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো একসময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (০৭ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম […]

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, লুট মালামাল

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ০১:২৭

আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি 

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো একসময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (০৭ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও সেনবাগ থানা পুলিশকে ঘটনাটি জানান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চোরেরা অফিস কক্ষে প্রবেশের পর দুটি স্টিলের আলমিরা ও একটি ফাইল কেবিনেটের তালা ভেঙে ফেলে। এরপর সেখান থেকে বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় প্রধান শিক্ষক রোকেয়া বেগম বাদী হয়ে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সেনবাগ থানার ওসি (তদন্ত) মো. হযরত আলী মিলন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি এবং এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।