বাংলাদেশের নির্বাচন ও সরকার গঠন নিয়ে প্রশ্ন তুলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্য দেশগুলো রাষ্ট্রনায়ক পেলেও বাংলাদেশ পেয়েছে ‘ইঞ্জিনিয়ার’। নির্বাচনে কারচুপির মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে বলেও অভিযোগ করেন তিনি।
অস্ট্রেলিয়ায় ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়’ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন জামায়াত আমির।
প্রবাসীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনে অনেকেই এক জায়গায় ভোট দিলেও ফলাফল হয়েছে অন্য রকম। তার দাবি, নির্বাচনের সময় ট্রেন, বাস ও লঞ্চসহ বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক সমর্থন দেখা গেছে। অথচ অন্যরা ক্ষমতায় এসেছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আর আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার।’ নির্বাচনী ফলাফল প্রভাবিত করে ক্ষমতায় যাওয়ার অভিযোগও তোলেন তিনি।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি তাদের শত্রু নয়। তবে কেউ দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরোধিতা করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃত জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে সরকারপ্রধানকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ করে নিজের চারপাশে যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিদের স্থান দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, একজন শাসকের যোগ্যতা ও নেতৃত্বের পরিচয় অনেকাংশে তার সহযোগীদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ পায়। বিএনপির ভেতরে এবং দেশে-বিদেশে দলটির অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন। তাদের নিয়ে কার্যকর একটি দল গঠনের পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী একটি যোগ্য ও দক্ষ দল গড়ে তুলতে পারলে দেশের মানুষের কল্যাণে কাজ করা সম্ভব হবে। দেশের উন্নতি হলে একজন নাগরিক হিসেবে তিনিও তার সুফল পাবেন।
দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, সরকারকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। সংসদে মাদক নিয়ন্ত্রণ বিল পাসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জামায়াতে ইসলামী মাদক নিয়ন্ত্রণ নয়, সম্পূর্ণ নির্মূলের পক্ষে।
মাদক ব্যবসার সঙ্গে ক্ষমতাসীন দলের কিছু নেতার সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তিনি বলেন, আগে যারা মাদক ব্যবসায় জড়িত ছিলেন, তাদের পরিবর্তে এখন নতুন ব্যক্তিরা সেই জায়গা দখল করছেন। এ পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সরকারের বক্তব্য ও বাস্তব পরিস্থিতির মধ্যে পার্থক্য রয়েছে দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, সংসদে মন্ত্রীদের বক্তব্য শুনলে মনে হয় দেশের পরিস্থিতি অত্যন্ত ভালো। কিন্তু বাস্তব চিত্রের সঙ্গে এসব বক্তব্যের মিল নেই বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির অতীতের রাজনৈতিক নির্যাতনের প্রসঙ্গও তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, বিগত সাড়ে ১৫ বছর বিএনপির নেতাকর্মীরাও গুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ নিখোঁজ নেতাদের কথা স্মরণ করে তিনি বলেন, তাদের অনেকেই এখনো ফিরে আসেননি।
নিজ দলের সহকর্মীদের ত্যাগ ও দুর্ভোগের প্রতি সম্মান দেখানোর জন্য বিএনপির নেতৃত্বের প্রতি আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, সরকার অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশের কল্যাণের পাশাপাশি নিজেদের মর্যাদাও বৃদ্ধি করতে পারবে।