রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার তিতাসে জমি থেকে মাটি কাটা এবং জমি বিক্রি ও বায়না সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আবু সাত্তার ও জাকারিয়া নামে দুজন আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াকান্দি বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের আগে ও পরে জমির মালিকানা, বায়নার টাকা এবং মাটি কাটা নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
বাদল মিয়ার অভিযোগ
সংঘর্ষের আগে সাংবাদিকদের ডেকে এনে নয়াকান্দি গ্রামের মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে মোহাম্মদ বাদল মিয়া জানান, নারান্দিয়া ইউনিয়নের দুঃখিয়ারকান্দি গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মোহাম্মদ মোখলেছুর রহমানের কাছ থেকে ২০ লাখ টাকা মূল্যে ২৮ শতক জমি কেনার চুক্তি করেন তিনি এবং ১৮ লাখ টাকা বায়না পরিশোধ করেন।
বাদল মিয়ার অভিযোগ, বায়নার টাকা নেওয়ার পরও মোখলেছ জমি রেজিস্ট্রি করে দিচ্ছেন না এবং নানা তালবাহানা শুরু করেছেন। জমির দখল বুঝে নিতেই তাঁরা জমি থেকে মাটি কেটে নিয়েছেন বলে দাবি করেন তিনি। পাশাপাশি ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন বাদল মিয়া।
বায়নার সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন—এমন দাবি করে মোহাম্মদ তারা মিয়া, এনামুল হক ও মোহাম্মদ কাবিল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। তাঁদের ভাষ্য, জমি রেজিস্ট্রি না দিয়ে মোখলেছুর রহমান একের পর এক নাটক সাজাচ্ছেন। জমির দলিল না দিলে বায়নার টাকা ফেরত দেওয়ার দাবি জানান তাঁরা।
অন্যদিকে, নয়াকান্দি গ্রামের সমাজসেবক কামাল হোসেন বলেন, বায়নার সময় তিনি উপস্থিত ছিলেন না। তবে তাঁর ধারণা, চুক্তি করার পর মোখলেছ হয়তো বুঝতে পেরেছেন তাঁর লোকসান বা ঠকে যাওয়ার বিষয়টি, আর সে কারণেই তালবাহানা করছেন। তিনি সমঝোতার মাধ্যমে জমি রেজিস্ট্রি অথবা টাকা ফেরত দেওয়ার আহ্বান জানান।
এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন মোখলেছুর রহমান। তিনি বলেন, তিনি কোনো জমি বিক্রি করেননি এবং বাদলের সঙ্গে এ বিষয়ে তাঁর কোনো কথাই হয়নি; টাকা নেওয়ার প্রশ্নই ওঠে না। মোখলেছুর রহমানের দাবি, প্রায় আড়াই মাস আগে তিনি প্রবাস থেকে দেশে ফিরেছেন।
জমির পানি শুকিয়ে যাওয়ার পর হালচাষ করতে গিয়ে তিনি দেখেন, তাঁকে না জানিয়েই বাদল, এনামুল হক, তারা মিয়া, কাবিল মিয়াসহ মাটি ব্যবসায়ীরা তাঁর জমি থেকে মাটি কেটে নেওয়ায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।
মাটি কাটা ও বায়না সংক্রান্ত এই পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই বিকেলের সংঘর্ষে দুজন আহত হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।