কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা ও দেশজুড়ে সহিংসতার প্রতিবাদে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাঁচ দফা দাবি আদায়ে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলা ও ১৩টি মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের (পিসি) জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
এনসিপির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের রায় বাস্তবায়ন।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সত্তাগতভাবে একটি সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন। এনসিপিও সংসদ ও রাজপথে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে আসছে। তবে বর্তমানে কয়েকজন ব্যক্তির বিচার হলেও তা ধীরগতিতে চলছে বলে অভিযোগ করেন তিনি।
রাজনৈতিক ঐক্যের বিষয়ে আখতার হোসেন বলেন, প্রধানমন্ত্রী সংসদে জাতীয় ঐক্যের কথা বলেছেন। তবে সেই ঐক্য কীসের ভিত্তিতে গড়ে উঠবে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়া দেশের যেকোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা প্ল্যাটফর্মের সঙ্গে ঐক্য গড়তে প্রস্তুত এনসিপি।
এদিকে, এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও হাসপাতালে হামলার ঘটনায় গত কয়েক দিনে বাসচালকসহ পাঁচ থেকে ছয়জন নিহত হয়েছেন। দেশের জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগের তৎপরতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সোচ্চার থাকার ঘোষণা দেন তিনি।
বৈঠকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত হন। এ ছাড়া দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। ঘোষিত কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতারাও অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।