দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর সহিংসতা ও নাশকতার প্রতিবাদে আয়োজিত সমাবেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, বিচারের রায় কার্যকরের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে ছাত্রদল তার ভাষাতেই জবাব দেবে।
বৃহস্পতিবার আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, গণহত্যার পরও নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের পক্ষ থেকে ছাত্রসমাজের কাছে ক্ষমা চাওয়া হয়নি। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের ওপর ককটেল নিক্ষেপের নির্দেশনা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, গত ১৫ বছর পুলিশের গুলি ও ছাত্রলীগ-যুবলীগের অস্ত্রের মুখেও রাজপথে সক্রিয় ছিল ছাত্রদল। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে এখনো প্রতিটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে সংগঠনটি।
বিদেশে অবস্থানরত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ছাত্রদল সভাপতি বলেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যম এবং প্রতিবেশী রাষ্ট্রের সহযোগীদের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, সাহস থাকলে তারা দেশে এসে কর্মসূচি ঘোষণা করুক। ছাত্র-জনতা তাদের বিচারের মুখোমুখি করার অপেক্ষায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায় কার্যকরের দাবি এবং বিভিন্ন মামলায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে রায় ঘোষণার প্রসঙ্গ টেনে রাকিব বলেন, এসব বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে তারা মনে করছেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের প্রতি ঐক্যের আহ্বান জানান তিনি। রাকিব বলেন, ছাত্রসংগঠনগুলোর মধ্যে গণতান্ত্রিক ও রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। তবে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে যারা একসঙ্গে রাজপথে ছিলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে।
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে ছাত্রদল সভাপতি বলেন, সেখানে ঘটে যাওয়া ঘটনাগুলো সারা দেশে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। পাশাপাশি জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
বৈরী আবহাওয়া ও ঝড়-বৃষ্টির কারণে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন রাকিবুল ইসলাম রাকিব।