তোষণকারীদের ‘বসন্তের কোকিল’ আখ্যা দিয়ে তাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সুসময়ে তোষণকারীরা পাশে থাকলেও দুঃসময়ে তাদের খুঁজে পাওয়া যাবে না।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দলের দায়িত্ব হলো সরকারের ন্যায়সংগত উদ্যোগগুলোকে সহযোগিতা করা এবং সরকারের ভুলত্রুটি তুলে ধরা। একই সঙ্গে সমালোচনা গ্রহণ করার মানসিকতা সরকার ও বিরোধী দল—উভয়েরই থাকা প্রয়োজন।
তিনি বলেন, বাস্তব ও গঠনমূলক সমালোচনাকে উৎসাহিত করা উচিত। সমালোচনার জবাবে পাল্টা সমালোচনা করে কাউকে হেয় করা ঠিক নয়। কারণ, সমালোচক প্রকৃত বন্ধু হলেও তোষণকারী প্রকৃত শত্রু।
তোষণকারীদের ভূমিকা তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, তারা সুসময়ে প্রশংসা ও তোষামোদ করবে, কিন্তু বিপদের সময় পাশে থাকবে না। বসন্তকালে কোকিলের কুহুতানের সঙ্গে তুলনা করে তিনি বলেন, বসন্ত শেষ হলে কোকিলও চলে যায়। তেমনি সুসময় শেষ হলে তোষণকারীরাও সরে পড়বে।
সমাজকে এ ধরনের তোষণকারীদের প্রভাব থেকে মুক্ত করার আহ্বান জানান জামায়াত আমির।