হাজারো শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশে কোনো গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্টকে আশ্রয় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে তিনি বলেন, এসব ঘটনার পরও যারা দলটির রাজনৈতিক অধিকার ও পুনর্বাসনের দাবি জানাচ্ছেন, তাদের কাছে প্রশ্ন—আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটলে আওয়ামী লীগের প্রকৃত রূপ বুঝতে পারবেন?
আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে তিনি দাবি করেন, ২০ দিনে দুই হাজার মানুষকে হত্যার পর দলটির নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন। সেই হত্যাকাণ্ডের ক্ষত এখনো শুকায়নি। অথচ আবারও সহিংসতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রয়োজনীয় বিচার ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও সাধারণ তরুণদের আবারও রাজপথে নামতে হচ্ছে। রাত জেগে পাহারা দেওয়া, সন্ত্রাসীদের প্রতিহত করা এবং নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বও তাদের পালন করতে হচ্ছে।
দেশের বিভিন্ন আন্দোলনে তরুণদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি প্রশ্ন তোলেন, আর কতবার তরুণদের সন্ত্রাস মোকাবিলায় রাজপথে নামতে হবে?
সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, সরকারের ওপর নির্ভর না করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিষিদ্ধ ফ্যাসিস্টদের অপতৎপরতা প্রতিহত করতে হবে।
পোস্টের শেষাংশে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘জান দেব, কিন্তু জুলাই দিব না।’