সরকারদলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার ইউনিয়ন পরিষদে (ইউপি) বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকার ইউনিয়ন পরিষদগুলোতে বরাদ্দ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নে তিনি এ অভিযোগ তুলে ধরেন।
আব্দুল্লাহ আল আমিন বলেন, গত ১৩ অক্টোবর ইউনিয়ন পরিষদের উন্নয়ন খাতে সরকারদলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার প্রতিটি ইউপির জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার কোনো ইউনিয়ন পরিষদে এ বরাদ্দ দেওয়া হয়নি।
জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকার সব নির্বাচনী এলাকায় সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকার মসজিদ, মন্দির, অবকাঠামো ও ইউনিয়ন পরিষদ উন্নয়নের বরাদ্দসংক্রান্ত চিঠি মঙ্গলবারের মধ্যে বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দেওয়া হবে।
এর আগে আব্দুল্লাহ আল আমিন জানতে চান, বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার ইউনিয়ন পরিষদগুলোতে উন্নয়নের প্রয়োজন নেই, এমন কোনো প্রতিবেদন বা সিদ্ধান্ত সরকারের কাছে রয়েছে কি না।
জবাবে প্রতিমন্ত্রী বলেন, তাঁর জানামতে ওই সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় কোনো ইউনিয়ন পরিষদ নেই। কারণ তিনি মহানগর এলাকা থেকে নির্বাচিত হয়েছেন।
এ সময় আব্দুল্লাহ আল আমিন তাঁর নির্বাচনী এলাকায় ইউনিয়ন পরিষদ থাকার কথা জানালে প্রতিমন্ত্রী বলেন, দুই-একটি থাকতে পারে। বিরোধী দলের সংসদ সদস্যদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমি আগামীকাল বলছি, হতাশ হবেন না।’