এত মানুষের প্রাণ কেড়ে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কাউকে দেশের জনগণ সহজে দেশে প্রবেশ করতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, যিনি এত মানুষের জীবন কেড়ে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, তাঁকে এত সহজে দেশে ঢুকতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ সহজ-সরল হলেও ক্ষোভে ফুঁসে উঠলে তাদের প্রতিহত করা সম্ভব নয়।
৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সেদিনের পরিবর্তন শুধু রাজনৈতিক ছিল না, বরং সাংস্কৃতিক ও রাজনৈতিক আগ্রাসন প্রতিরোধের আকাঙ্ক্ষাও জাগ্রত হয়েছিল। বাংলাদেশ কোনো দেশের আজ্ঞাবহ নয়, দিল্লি কিংবা পিন্ডিরও নয়।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর বাংলাদেশকে দিল্লির কাছে নতজানু অবস্থায় দেখা গেছে।
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তিনি বলেন, এখন অলিগলিতে ককটেল বিস্ফোরণ ঘটছে। শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন খবরে আনন্দ প্রকাশ করতে কেউ পটকা ফাটাচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।