ইরানে যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে নতুন করে সামরিক হামলা চালানোর বিষয়ে সতর্ক করেছে তুরস্ক। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) প্রধান ইব্রাহিম কালিন বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে। দুই দেশের জন্য গ্রহণযোগ্য একটি চুক্তির প্রস্তাবও আলোচনার টেবিলে রয়েছে।
সোমবার (৯ নভেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তুরস্কের গবেষণা সংস্থা ওআরএসএএম ও যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যৌথভাবে সম্মেলনটির আয়োজন করে।
ইব্রাহিম কালিন বলেন, ইরান ইস্যু পুরো অঞ্চলের জন্য অত্যন্ত সংবেদনশীল। তাই ইরানে নতুন করে যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা ঠেকাতে তুরস্ক জোর প্রচেষ্টা চালাচ্ছে।
তিনি জানান, তুরস্কের প্রেসিডেন্ট দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। ওই আলোচনায় ট্রাম্পকে ইরানে হামলা না চালানোর আহ্বান জানানো হয়েছে।
তুরস্কের গোয়েন্দাপ্রধান আরও বলেন, যুক্তরাষ্ট্র এককভাবে কিংবা ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানে নতুন করে হামলা চালালে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। এতে পুরো মধ্যপ্রাচ্য আবারও সংঘাতের দুষ্টচক্রে আটকে পড়তে পারে।
তাঁর মতে, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় যে অগ্রগতি হয়েছে, নতুন করে সামরিক হামলা হলে তা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ খোলা রাখা জরুরি।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?