সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজধানী

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে দিবাগত রাত পর্যন্ত মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর, ক্যান্টনমেন্ট, ভাটারা, উত্তরা, তেজগাঁও শিল্পাঞ্চল, পান্থপথ ও খিলক্ষেত এলাকায় এসব ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় ভাটারা এলাকায় একটি স্কুলবাসেও আগুন দেয় […]

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৩

রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে দিবাগত রাত পর্যন্ত মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর, ক্যান্টনমেন্ট, ভাটারা, উত্তরা, তেজগাঁও শিল্পাঞ্চল, পান্থপথ ও খিলক্ষেত এলাকায় এসব ঘটনা ঘটে।

একই দিন সন্ধ্যায় ভাটারা এলাকায় একটি স্কুলবাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মালিবাগে সিআইডি ও এসবির প্রধান কার্যালয়ের পার্কিংয়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেলটি কার্যালয় প্রাঙ্গণে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়। বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ওসি আরিফুল আলম জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় টিএসসি, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটে। এতে ক্যাম্পাসে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে তিনজনকে আটক করা হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় টিএসসি এলাকায় পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়।

পরে প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর ও নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।

অন্যদিকে রাত ১০টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হননি। দিবাগত রাত ১২টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার ওসি জয়ানাল আবেদীন।

রাজধানীর ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এবং তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে বিস্ফোরণ ঘটানো হয়।

দিবাগত রাত পৌনে ১টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম। তিনি জানান, রাত সাড়ে ১০টার পর বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা সেখানে ধোঁয়া উড়তে দেখেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

এর আগে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ভাটারা থানার ১০০ ফিট এলাকার অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায়ও কেউ হতাহত হননি বলে জানান ওসি।

এদিকে রাত পৌনে ১২টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টা ৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মামুন। তিনি জানান, দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

একই রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টা ২৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মাহবুবুর রহমান। তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কেউ হতাহত হননি।

এছাড়া রাজধানীর ক্যান্টনমেন্টের মাটিকাটা, শেরেবাংলা নগরের পান্থপথ ও খিলক্ষেত থানা এলাকার কাছেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মাটিকাটা এলাকায় বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট থানার এসআই সারোয়ার জাহান। তিনি জানান, রাত ১২টা থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হননি।

অন্যদিকে রাত সাড়ে ১১টার দিকে শেরেবাংলা নগর থানার পান্থপথ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ২টা ১৮ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার এসআই জুবায়ের হোসেন। তিনি জানান, রাত সাড়ে ১১টার পর দুর্বৃত্তরা সেখানে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায়ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এছাড়া রাত সাড়ে ৮টার দিকে খিলক্ষেত থানার কাছেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ২টা ২৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার এসআই সোহেল আহমেদ। তিনি জানান, খিলক্ষেত থেকে বিমানবন্দরের দিকে যাওয়ার পথে থানার কাছেই এ বিস্ফোরণ ঘটে। এতে কেউ আহত হননি।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে এসে খিলক্ষেত থানার সামনের সড়কে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

রাজধানী

‘লং মার্চে পাঁচ-ছয় হাজার গাড়ি থেকে কমিয়ে এক হাজারে নিয়ে এসেছি’: নাসীরুদ্দীন পাটওয়ারী

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চে পাঁচ থেকে ছয় হাজার গাড়ি অংশ নেওয়ার পরিকল্পনা থাকলেও জনদুর্ভোগের কথা বিবেচনায় তা কমিয়ে প্রায় এক হাজারে আনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, […]

‘লং মার্চে পাঁচ-ছয় হাজার গাড়ি থেকে কমিয়ে এক হাজারে নিয়ে এসেছি’: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৩

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চে পাঁচ থেকে ছয় হাজার গাড়ি অংশ নেওয়ার পরিকল্পনা থাকলেও জনদুর্ভোগের কথা বিবেচনায় তা কমিয়ে প্রায় এক হাজারে আনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং এর থেকে পরিত্রাণের পথ খুঁজতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, মানুষের আহ্বানে সাড়া দেওয়ার একটি দায়িত্ব তাদের রয়েছে। সেই জায়গা থেকেই আগামী ৫ সেপ্টেম্বর লং মার্চ কর্মসূচি পালন করা হবে। সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে কর্মসূচি শুরু হবে।

লং মার্চের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে প্রথমেই পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দেওয়া হয়েছিল এবং আলোচনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী গাড়িবহর সড়কের একটি লাইন ব্যবহার করবে। অন্য লাইনগুলোতে লং মার্চের কোনো গাড়ি থাকবে না।

তিনি আরও বলেন, কর্মসূচি ঘিরে বেশ কিছু পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ এমনিতেই অস্বস্তিতে রয়েছে। দাবি আদায়ের কর্মসূচির কারণে যেন নতুন করে মানুষের ভোগান্তি না হয় এবং কোনো অ্যাম্বুলেন্স যাতে আটকে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

গাড়িবহরের আকার প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের লক্ষ্য ছিল পাঁচ-ছয় হাজার গাড়ি যাবে। সেটাও আমরা সংকুচিত করে প্রায় এক হাজার গাড়িতে নিয়ে এসেছি।”

লং মার্চের সূচি তুলে ধরে তিনি জানান, সকাল ৭টায় শাপলা চত্বরে নেতাকর্মীরা জড়ো হবেন। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সেখানে উদ্বোধনী কর্মসূচি ও শীর্ষ নেতাদের বক্তব্য থাকবে। এরপর সিরিয়াল অনুযায়ী গাড়িগুলো চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে।

ঢাকা ছাড়ার পর প্রথম পথসভা হবে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ট্রাক স্ট্যান্ডে। সকাল ৯টার দিকে সেখানে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। এরপর দুপুর ১২টার দিকে কুমিল্লায় কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখানে অংশগ্রহণকারীদের দুপুরের খাবারের ব্যবস্থাও থাকবে।

পরবর্তী গন্তব্য ফেনীর মহিপাল। সম্ভাব্য সময় দুপুর ৩টা। সেখানে এনসিপির পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে।

এরপর গাড়িবহর মিরসরাইয়ে পৌঁছাবে। সেখানে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি শেষে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করা হবে। রাত ৯টার দিকে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। সেখানে বড় ধরনের জনসমাগম হবে বলে আশা প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, লং মার্চের পথে সাধারণ মানুষের কথা শুনতে চান তারা। স্থানীয় মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা জেনে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে সেগুলো তুলে ধরার চেষ্টা করা হবে।

সরকারের বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার বিভিন্ন কর্মসূচিতে প্লেন ও হেলিকপ্টার ভাড়া করে লোকজন নিয়ে হল ভর্তি করে। অন্যদিকে তারা জনগণের প্রয়োজনেই মানুষের কাছে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

রাজধানী

উল্টো পথে এসে সার্জেন্টের সঙ্গে লেডি বাইকারের বাকবিতণ্ডা,লেডি বাইকার সুমাইয়া ও তার স্বামীর সশ্রম কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়েতে উল্টো পথে মোটরসাইকেল চালানো এবং দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের সঙ্গে অসদাচরণের ঘটনায় নারীসহ দুইজনকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন মোসা. স্বপ্না (২৭) ও মাহফুজুর রহমান। ট্রাফিক বাড্ডা জোন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের একটি অংশে তারা উল্টো পথে মোটরসাইকেল নিয়ে আসছিলেন। দায়িত্বে […]

উল্টো পথে এসে সার্জেন্টের সঙ্গে লেডি বাইকারের বাকবিতণ্ডা,লেডি বাইকার সুমাইয়া ও তার স্বামীর সশ্রম কারাদণ্ড

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫১

রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়েতে উল্টো পথে মোটরসাইকেল চালানো এবং দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের সঙ্গে অসদাচরণের ঘটনায় নারীসহ দুইজনকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন মোসা. স্বপ্না (২৭) ও মাহফুজুর রহমান।

ট্রাফিক বাড্ডা জোন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের একটি অংশে তারা উল্টো পথে মোটরসাইকেল নিয়ে আসছিলেন। দায়িত্বে থাকা এক ট্রাফিক সার্জেন্ট তাদের থামিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে গেলে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নারী আরোহীকে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। পরে সরকারি কাজে বাধা, অসদাচরণ ও হেনস্তার অভিযোগে দুজনকে আটক করা হয়।

পরবর্তীতে তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড দেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডিএমপি জানিয়েছে, ট্রাফিক আইন লঙ্ঘন ও দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের সঙ্গে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানী

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের কবলে পড়ে মোসা. রনজিনা পারভীন (৪৫) নামে এক প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন। মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর হাতব্যাগ টান দেয়। এতে রিকশা থেকে পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ […]

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৯ আগস্ট ২০২৬, ১৮:১৮

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের কবলে পড়ে মোসা. রনজিনা পারভীন (৪৫) নামে এক প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন। মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর হাতব্যাগ টান দেয়। এতে রিকশা থেকে পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে এই ঘটনা ঘটে। নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিসি ইবনে মিজান বলেন, এ ঘটনায় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। আশা করছি, শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রনজিনা পারভীন চিকিৎসার জন্য বগুড়া থেকে রাজধানীতে এসেছিলেন। তাঁর ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা ছিল। গতরাতে তিনি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস থেকে নামেন।

পরে রিকশায় করে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। তাঁকে বহনকারী রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারী তাঁর হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়।

এ সময় ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে রনজিনা রিকশা থেকে রাস্তায় পড়ে যান। এতে মাথা ফেটে গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। আশা করছি খুব শীঘ্রই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারবো।’