ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার। বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন চলবে।
সংবিধান অনুযায়ী, সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। এ সাংবিধানিক নিয়ম মেনেই এবারের অধিবেশন ডাকা হয়েছে। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। নিয়মিত প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ ও সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।
অধিবেশনের সময়সূচি নির্ধারণে গত রোববার জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে। আগামী ১৮ নভেম্বর অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। সংসদ সদস্যদের কাছ থেকে সব মিলিয়ে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন পাওয়া গেছে।
এদিকে, সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে তাঁর এ প্রস্তাবে উপস্থিত সদস্যরা সমর্থন জানান।