ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) তার জামিন মঞ্জুর করেন আদালত।
বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন পরীমণি। এ সময় তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন।
পরে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগের দিন গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
এর আগে বুধবার মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও আদালতে উপস্থিত হননি পরীমণি। তার আইনজীবী অসুস্থতার কারণ দেখিয়ে সময়ের আবেদন করেন। তবে আদালত সেই আবেদন নামঞ্জুর করে তার জামিন বাতিল এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী নাসির উদ্দিন মাহমুদ সেদিন পরীমণিসহ তিন আসামির জামিন বাতিলের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত পরীমণির বিরুদ্ধে এ আদেশ দেন।