পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও আশপাশের এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে মিরপুরে ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তা কার্যক্রম জোরদারে সাঁজোয়া কর্মী বহনকারী যান ও দাঙ্গা নিয়ন্ত্রণ যানও মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।
দায়িত্ব পালনের সময় বিজিবি সদস্যরা বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন। এসব কার্যক্রম বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং কারখানাগুলোতে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে এ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।