দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই সংবাদ সম্মেলনে ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ বলে বক্তব্য দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ১১ নভেম্বর আদেশ দেবেন হাইকোর্ট।
বুধবার (৪ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আদেশের দিন ধার্য করেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. ইউসুফ আলী ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
এর আগে গত সেপ্টেম্বরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি সংবাদ ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ।
রিটে গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের দেওয়া বক্তব্য বেআইনি ঘোষণার পাশাপাশি অনুসন্ধানাধীন বিষয়ে মানহানিকর মন্তব্য প্রচার থেকে বিরত থাকার নির্দেশনা চাওয়া হয়।
আবেদনে দাবি করা হয়, অনুসন্ধান শুরুর আগেই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা বলে দুদক আইনগত এখতিয়ারের বাইরে গিয়ে বক্তব্য দিয়েছে। পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে স্বীকার করলেও আনুষ্ঠানিকভাবে বক্তব্য প্রত্যাহার করা হয়নি।
আসিফ মাহমুদের দাবি, তাঁর বিরুদ্ধে নিয়োগ, বদলি, পদোন্নতি ও অর্থপাচারসংক্রান্ত অভিযোগগুলো ভিত্তিহীন। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণার পর রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতেই এসব বক্তব্য দেওয়া হয়েছে বলে রিটে অভিযোগ করা হয়।
এ ঘটনায় দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।