পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের দায় জামায়াতে ইসলামীর আমির এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের সরকারি নলডাঙ্গা ভূখু স্কুল মাঠে জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ইসরাইল হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকারের সংহতি রয়েছে। তবে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহিংসতা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তাঁর দাবি, জামায়াতের আমির লংমার্চে দাবি আদায় না হলে সবকিছু তছনছ করে দেওয়ার বক্তব্য দেওয়ার পরই পোশাকশিল্পে অস্থিরতা শুরু হয়েছে। এর মাধ্যমে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।
আমার দেশ পত্রিকা ছেঁড়ার বিষয়ে রাশেদ খাঁন বলেন, একসময় পত্রিকাটি তাঁদের হলেও বর্তমানে এটি জামায়াতের মুখপত্রে পরিণত হয়েছে বলে তাঁর অভিযোগ। পত্রিকাটির বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগও তোলেন তিনি।
এ ছাড়া জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠক হয়েছে বলে দাবি করেন রাশেদ খাঁন। এ অভিযোগ মিথ্যা হলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করার চ্যালেঞ্জও জানান তিনি।
গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, দেশে জ্বালানি সংকট রয়েছে। বিকল্প উপায়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে সরকার। বাজারের সিন্ডিকেট সরকারের কার্যক্রমে বাধা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।