রাবি প্রতিনিধি, এম এ আতিকুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে ভর্তি পরীক্ষা কমিটি। আগামী ৮ জানুয়ারি বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এদিকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল বিবেচনায় মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম জিপিএর শর্ত কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।
সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার জন্য আবেদন গ্রহণ শুরু হবে ১২ নভেম্বর, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
আবেদনের যোগ্যতার ক্ষেত্রে মানবিক বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএর শর্ত ছিল ৭.০০।
অন্যদিকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। গত বছর এ বিভাগের ক্ষেত্রে মোট জিপিএর শর্ত ছিল ৭.৫০।
তবে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ ক্ষেত্রেও যোগ্যতার শর্ত শিথিল করা হতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক বেলাল হোসেন।
তিনি বলেন, এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফল তুলনামূলক খারাপ হওয়ায় শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক ও বিজ্ঞান বিভাগের আবেদনের যোগ্যতা শিথিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ক্ষতির মুখে না পড়ে, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে ভর্তি উপকমিটির আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সভাগুলোতে বিস্তারিত আলোচনা করে অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে।