চলমান শ্রমিক আন্দোলনে বলপ্রয়োগ না করে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’।
সোমবার (২ নভেম্বর) দুপুরে গাজীপুর চৌরাস্তায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। একই সঙ্গে মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি নিয়োগ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে নেতারা।
সংগঠনটির সদস্যসচিব ঋয়াজ মোর্শেদ অভিযোগ করেন, মজুরি বোর্ডে নিয়োগ পাওয়া শ্রমিক প্রতিনিধিরা প্রকৃত শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারবেন না। শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সুলতান আহমেদকে শ্রমিক প্রতিনিধি করার প্রস্তাব দেন তিনি।
শ্রমিক আন্দোলনে বলপ্রয়োগের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে মোর্শেদ বলেন, শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন দমনের চেষ্টা করা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
সংগঠনটির মুখ্য সংগঠক আরমান হোসাইন বলেন, ৩০ হাজার টাকা মজুরি কোনো বিলাসিতা নয়; বর্তমান বাজারে শ্রমিকদের স্বাভাবিক জীবনযাপনের জন্য এ অর্থ প্রয়োজন।
এনসিপির গাজীপুর মহানগর যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল মুহিম বলেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলনে আওয়ামী লীগ খোঁজার পরিবর্তে প্রকাশ্যে মিছিল করা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
সংবাদ সম্মেলন থেকে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে মজুরি বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।