পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করে দেশের গুরুত্বপূর্ণ এ শিল্প খাত ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে জড়িতদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে জামায়াত আমির বলেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। কোনো মালিক বা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। তাঁর বিশ্বাস, কোনো শ্রমিক এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হতে পারেন না।
তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুম সামনে রেখে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা নষ্ট করার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
এ পরিস্থিতিতে মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক ও আন্তরিক থাকার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। একই সঙ্গে শিল্প খাতে অস্থিরতা সৃষ্টি এবং ক্ষতিসাধনের সঙ্গে জড়িতদের শক্ত হাতে দমনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।