শ্রমিক আন্দোলনের নামে রাজপথ উত্তপ্ত করার অভিযোগ তুলে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, জামায়াত আন্দোলনের নামে উত্তেজনা ছড়াচ্ছে, আর সেই সুযোগে আন্দোলনের ভেতরে ঢুকে অগ্নিসংযোগ করছে আওয়ামী লীগ।
সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, লংমার্চে জামায়াতের আমিরের ‘সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দিবো’ বক্তব্যের পর শ্রমিক আন্দোলনের নামে সৃষ্ট অরাজকতার দায় জামায়াত এড়াতে পারে না। তাঁর দাবি, মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে গতকাল এমন ঘটনা ঘটেছে।
তিনি আরও অভিযোগ করেন, সরকার শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আন্তরিক থাকলেও জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের সংগঠিত করে মাঠে নামিয়েছেন। আর সেই সুযোগে আওয়ামী লীগের কর্মীরা শ্রমিক সেজে পুলিশের গাড়ি, পিকআপ ও পোশাক কারখানায় আগুন দিয়েছেন।
অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন গ্রেপ্তার হয়েছেন বলেও দাবি করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসে উসকানি দেওয়ার অভিযোগে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনা উচিত কি না। একই সঙ্গে ডিসেম্বরকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।