ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান শ্রমিক আন্দোলন ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। আন্দোলনের সুযোগ নিয়ে অস্থিরতা সৃষ্টির অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন ছাত্রলীগ নেতার আন্দোলনে অংশগ্রহণ ও বিভিন্ন কর্মসূচির ছবি-ভিডিও প্রকাশের বিষয়টিও সামনে এসেছে।
অভিযোগ অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজিবুল ইসলাম রোববার আন্দোলনসংক্রান্ত একাধিক ছবি ও ভিডিও ফেসবুকে প্রকাশ করেন।
দুপুর ২টা ১৭ মিনিটে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগ কারও ওপর ভর করে নয়, জনগণের শক্তি নিয়ে ক্ষমতায় আসার কর্মসূচি দেবে। এর আগে শ্রমিকদের ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনের ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি।
এদিকে গত চার দিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শ্রমিকরা। তবে আন্দোলনে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে অংশগ্রহণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
শনিবার রাজধানীর মিরপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর মেট্রোরেলের মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এর আগে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
এদিকে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের পদধারী ১১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে জানা গেছে। রোববার গাজীপুরের কালিয়াকৈরে একই দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।