বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি, বরং বারবার জাতি ও জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ১৯৯০-৯১ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর পাঁচ বছরেও এ বিষয়ে বিল উত্থাপন করেনি দলটি। পরে গণ-আন্দোলনের মুখে ১৯৯৬ সালে বিল উত্থাপন করে ১৮ দিনের মাথায় নির্বাচন দেয়। সেই নির্বাচনে বিএনপিকে ক্ষমতা থেকে বিদায় করে জনগণ।
১১ দলীয় ঐক্যের লংমার্চে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় উপেক্ষা করে দেশকে পুরোনো ফ্যাসিবাদী কাঠামোয় ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে।
শিবির সভাপতি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মুগ্ধ ও আবু সাঈদসহ অসংখ্য মানুষের আত্মত্যাগ এখনো মানুষ ভুলে যায়নি। জনগণের দাবি উপেক্ষা করে সংবিধান সংস্কার না করলে সরকারকে কঠোর গণপ্রতিরোধের মুখে পড়তে হতে পারে।
সরকারের বিরুদ্ধে জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারে বিলম্ব এবং নিয়োগব্যবস্থায় দলীয় প্রভাব বিস্তারের অভিযোগও করেন তিনি।
তাঁর অভিযোগ, পিএসসি সদস্যদের পদত্যাগে বাধ্য করা এবং দলীয় নেতাকর্মীদের পুনর্বহালের মাধ্যমে তরুণ প্রজন্মের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধ না হলে জনগণ রাজপথে জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন নুরুল ইসলাম সাদ্দাম।