সাকিব মাহমুদ ইবি প্রতিনিধি:
গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান । তিনি বলেন, “এদেশের ৭০% জনগণ ১২ ফেব্রুয়ারিতে দুটি নির্বাচনের একটি নির্বাচন গণভোটে হ্যাঁ বলেছিলেন। বর্তমান সরকারি দল এবং আমরা সকলে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম হ্যাঁ ভোট বিজয়ী হলে আমরা অক্ষরে অক্ষরে তা মেনে নেব। সরকার কি মেনে নিয়েছে? সরকার জাতির সাথে প্রতারণা করেছে।”
শনিবার (৩১ অক্টোবর) রাত ১১ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সরকারের একজন মুখপাত্র সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই সনদ অন্তহীন প্রতারণার প্রতারণার দলিল কিন্তু আমরা দেখছি তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। তারা গণভোট মানবেন না কেন মানবেন না? গরম ভাতে বিলাই বেজার, বিড়ালের সমস্যা হয়, ভাত গরম হলে ওর মুচ পড়ে যায়।
বিরোধীদলীয় নেতা বলেন, “আমাদের সাতটি দফা স্পষ্ট। এর একটা দফাও আমাদের দলীয় দফা নয়। এর প্রত্যেকটা দফা বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার ফিরিয়ে আনার দফা। ইতিহাস সাক্ষী যখনই জনতার রায়কে অপমান ও অবজ্ঞা করা হয়েছে তখন কিন্তু ইতিহাসের কঠিন পরিণতি তাদেরকে বহন করতে হয়েছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি মহান আল্লাহর পর ভরসা করে আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। আমাদেরকে হুমকি-ধামকি দিয়ে লাভ হবে না।”
সভায় বিরোধীদলীয় নেতা সঙ্গে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ পথসভা শেষে কুষ্টিয়ার জেলা স্কুল মাঠে লংমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।