খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের কর্মসূচি শেষে ফেরার পথে সাতক্ষীরার পাটকেলঘাটায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি বাসের চাপায় আব্দুল খালেক মোড়ল (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চারাবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা গ্রামের আফতাব মোড়লের ছেলে।
নিহতের প্রতিবেশী রিপন মোল্লা জানান, খুলনায় লংমার্চের কর্মসূচি শেষে জামায়াতের নেতাকর্মীরা বাসে করে সাতক্ষীরায় ফিরছিলেন। পথে চারাবটতলা মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান আব্দুল খালেক। পরে বাসটি সড়কের পাশে খাদে পড়ে গেলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আজিজুর রহমান বলেন, বাসের সামনে হঠাৎ ওই বৃদ্ধ চলে আসায় তাঁকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, লংমার্চ থেকে ফেরার পথে জামায়াতের নেতাকর্মীদের বহনকারী বাসের চাপায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। বাসটি খাদে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। চালকের অবস্থা কিছুটা গুরুতর হলেও অন্যরা সামান্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।