ফুটপাতের দোকান উচ্ছেদের আগে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। তিনি বলেন, জীবিকার ব্যবস্থা না করে দোকান বন্ধ করে দেওয়া হলে ক্ষতিগ্রস্ত হবেন নিম্ন আয়ের মানুষ।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর জিরো পয়েন্টে ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, ফুটপাতে ব্যবসা করা সহজ কাজ নয়। সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে অনেক মানুষ এসব দোকানের আয় দিয়ে পরিবার চালান। ঢাকা শহর পরিচ্ছন্ন রাখা এবং যানজট কমানোর উদ্যোগকে স্বাগত জানালেও দোকান উচ্ছেদের আগে এসব মানুষ কেন ফুটপাতে ব্যবসা করতে বাধ্য হচ্ছেন, তা বিবেচনা করা প্রয়োজন।
তিনি অভিযোগ করেন, ফুটপাতের দোকান পরিচালনা করতে গিয়ে ব্যবসায়ীদের চাঁদাবাজির শিকার হতে হয়। একই সঙ্গে কর্মসংস্থানের অভাবে অনেক মানুষ ঢাকায় এসে ছোট ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন।
এ সময় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও এলপিজি গ্যাসের অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ তুলে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তাঁর অভিযোগ, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির কারণে সাধারণ মানুষ আর্থিক চাপে পড়ছেন।
নাসীরুদ্দিন পাটওয়ারী আরও বলেন, চাঁদাবাজি, দখলদারত্ব ও সন্ত্রাস বন্ধের পাশাপাশি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের জীবনযাত্রার কষ্ট লাঘবের লক্ষ্যেই তাঁরা রাজপথে আন্দোলন করছেন।
তিনি সরকারের প্রতি কর্মসংস্থান সৃষ্টি, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।