বিএনপি সরকারকে জবাবদিহির আওতায় আনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধের দাবিতে আবারও রাজপথে নেমেছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর গণবিক্ষোভ কর্মসূচি সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণঅভ্যুত্থানের আগে অন্যায়-অবিচারের বিরুদ্ধে যেভাবে তাঁরা রাজপথে নেমেছিলেন, এবারও একইভাবে সরকারকে জবাবদিহির আওতায় আনতে কাজ করছেন। তাঁর দাবি, সরকার নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার বাস্তবায়ন দেখা যাচ্ছে না।
দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির পাশাপাশি দেশীয় সিন্ডিকেটের কারণেও পণ্যের দাম বাড়ছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।
এনসিপির এই নেতা আরও বলেন, বাজার পরিস্থিতি সম্পর্কে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের বাস্তব অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তিনি জানান, গণবিক্ষোভের আগে ঢাকার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে জনগণের কাছে যাবেন তাঁরা।