বিদ্যুৎ ও গ্যাস সংকট, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, চাঁদাবাজি এবং কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বিদ্যুৎ সংকট নিয়ে কটাক্ষ করে তিনি বলেছেন, ‘এত বলি টুকু কই? টুকু তো আর আসে না।’
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা অভিযোগ করেন, দেশে চাঁদাবাজির পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়। নিজের এলাকায় চাঁদাবাজি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি নিজের কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে পরিচয় গোপন রেখে লিখিতভাবে জানানোর আহ্বান জানান।
বিদ্যুৎ ও গ্যাস সংকটের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তিনি বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা ছিল বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আসবে। কিন্তু পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বলে তিনি দাবি করেন।
গ্যাসের দাম বৃদ্ধি ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়েও সমালোচনা করেন রুমিন ফারহানা। তাঁর অভিযোগ, পরিকল্পনার প্রভাবে বিভিন্ন শিল্পাঞ্চলে কারখানা বন্ধ হওয়া এবং শ্রমিকদের চাকরি হারানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
মতবিনিময় সভায় তিনি চাঁদাবাজি বন্ধ, জনদুর্ভোগ নিরসন এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।