চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। উপাচার্যবিরোধী আন্দোলনের মধ্যে তার ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস লেখেন, ‘লোকটা চুয়েটের ভিসি নাকি চুয়েট ছাত্রদলের সভাপতি?’
জানা গেছে, উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন চুয়েটের একদল শিক্ষার্থী। এর মধ্যেই সোমবার উপাচার্য তালা ভেঙে নিজ কার্যালয়ে প্রবেশ করে দাপ্তরিক কাজ শুরু করেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনের বাইরে থেকে ফটকে তালা লাগিয়ে দেন বলে জানা গেছে।
এর আগে দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে ভবন ত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে তিনি ভবন না ছাড়লে ভবনটি ‘ভ্যাকেন্ট’ ঘোষণা করে ফটকে তালা দেওয়া এবং বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারিও দেন তারা।
শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, নির্ধারিত সময় পার হওয়ার পর উপাচার্য ভবনের ফটকে তালা দেওয়া হয়।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র পাঠিয়ে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক শেখ শরীফুল আলম। তবে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এতদিন সরাসরি ক্যাম্পাসে উপস্থিত হতে পারেননি তিনি।
এদিকে ১১ ও ১২ অক্টোবরের জন্য যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছিল। এ সিদ্ধান্তেরও বিরোধিতা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
চলমান এই পরিস্থিতির মধ্যেই উপাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে মন্তব্য করেন এনসিপি নেতা সারজিস আলম।