পবিত্র নগরী মক্কা ও মদিনার নিরাপত্তা হুমকির মুখে পড়লে বাংলাদেশ হাত গুটিয়ে বসে থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, মক্কা-মদিনা বিশ্বের কোটি কোটি মুসলমানের আবেগ ও ঐক্যের প্রতীক। তাই এর নিরাপত্তা কেবল কূটনৈতিক বিষয় নয়।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) প্রাঙ্গণে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আলোচিত ‘মক্কা জোটে’ বাংলাদেশের যোগদান এবং সৌদি আরবে সেনা পাঠানোর বিষয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে এই জোটে যোগ দেয়নি। ফলে বর্তমানে সেনা পাঠানোর কোনো প্রশ্ন নেই।
তবে সৌদি আরবের চলমান সংকটে বাংলাদেশ দেশটির পাশে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংঘাত ও হামলা বন্ধে বাংলাদেশ আহ্বান জানিয়ে যাচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি যুবরাজের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি বিশেষ চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশ সরকার ও জনগণ সৌদি আরবের মানুষের পাশে রয়েছে।
সৌদি আরবের তেল স্থাপনায় হামলার কারণে বাংলাদেশের জ্বালানি সরবরাহে সম্ভাব্য প্রভাব সম্পর্কে তিনি বলেন, আপাতত বড় ধরনের সংকটের আশঙ্কা দেখছে না সরকার। জ্বালানি প্রতিমন্ত্রী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।
এদিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন শামা ওবায়েদ। আহত বাংলাদেশিদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত বন্ধ এবং সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।