আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রিকনসিলিয়েশন বা রাজনৈতিক সমঝোতার আগে দলটির অতীত কর্মকাণ্ডের স্বীকৃতি ও অনুতাপ থাকা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে রিকনসিলিয়েশন নিজেই খারাপ কোনো ধারণা নয়। তবে এর জন্য একটি মৌলিক ভিত্তি থাকতে হবে।
তার ভাষ্য, রিকনসিলিয়েশনের প্রথম শর্ত হলো—যে রাজনৈতিক দল, গোষ্ঠী বা ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে, তাদের সেই কর্মকাণ্ডের স্বীকৃতি এবং অনুতাপ থাকতে হবে। এরপরই রাজনৈতিক সমঝোতার প্রশ্ন সামনে আসতে পারে।
তিনি বলেন, অপরাধ স্বীকার করলেই কোনো ফৌজদারি অপরাধের দায় শেষ হয়ে যায় না। সে ক্ষেত্রে আইনি প্রক্রিয়া আলাদাভাবে চলবে।
আওয়ামী লীগের বর্তমান অবস্থানের সমালোচনা করে তিনি দাবি করেন, ৫ তারিখের পর থেকে দলটির শীর্ষ নেতৃত্বের বক্তব্যে হুমকির সুর রয়েছে। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে রিকনসিলিয়েশনের আলোচনা এগিয়ে নেওয়া কঠিন।
তিনি আরও বলেন, কেউ যদি মধ্যস্থতার উদ্যোগ নেয়, তাহলে আগে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সমঝোতার ন্যূনতম ভিত্তি তৈরি হয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। সেই পরিবেশ তৈরি হলে এ বিষয়ে আলোচনা হতে পারে।
মিরপুরের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে জাহেদ উর রহমান বলেন, সরকার এ ধরনের ঘটনা সহ্য করবে না। সরকারি দলের নাম ব্যবহার করে জনগণকে ভোগান্তিতে ফেলা হলে এবং আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা না নিলে তার রাজনৈতিক দায় সরকারকেই বহন করতে হবে। সরকার এ বিষয়ে সচেতন রয়েছে বলেও জানান তিনি।