মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত শিকদারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদারের অভিযোগ, সিফাতুল ইসলাম জনির নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার ভাতিজা আবু সাঈদের বসতঘরে হামলা চালায়। হামলাকারীরা ঘরটি ভাঙচুরের পাশাপাশি সেখানে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ করেন তিনি।
তবে হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন সিফাতুল ইসলাম জনি। তিনি বলেন, ‘আমি তিনদিন ধরে কক্সবাজারে আছি। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।