মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও আছাড় দেওয়ার অভিযোগে তার সহপাঠীর অভিভাবক নাহিদ শেখকে (৩৫) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
ঘটনার পর মারধর ও আছাড় দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রস্তুতিমূলক কুচকাওয়াজ শেষে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অবস্থান করছিল। এ সময় ষষ্ঠ শ্রেণির ছাত্র আতিকুর রহমানকে মারধরের সন্দেহে তার বাবা নাহিদ শেখ শ্রেণিকক্ষে প্রবেশ করেন। পরে তিনি একই শ্রেণির ছাত্র হাবিবকে (১৩) ধরে শ্রেণিকক্ষের ভেতরে তিনবার আছাড় দেন বলে অভিযোগ ওঠে।
এ সময় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা ভয়ে চিৎকার-চেচামেচি শুরু করে। বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসেন। পরে প্রধান শিক্ষক নাহিদ শেখকে তাঁর কক্ষে নিয়ে যান এবং ঘটনাটি সিরাজদীখান থানা পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে গিয়ে নাহিদ শেখকে আটক করে থানায় নিয়ে যায়। তিনি উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার শেখের ছেলে।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‘গতকাল বুধবার দুই ছাত্রের মধ্যে ঝগড়া হয়েছিল। এ নিয়ে আজ এক ছাত্রের অভিভাবক অন্য ছাত্রকে মারধর করেন। প্রধান শিক্ষকের কাছে বিচার না দিয়ে এভাবে শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে মারধরের বিষয়টি খুবই লজ্জাজনক। এমন কাজ ওই অভিভাবকের করা ঠিক হয়নি।’
সিরাজদীখান থানার ওসি মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত অভিভাবক থানায় আটক আছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।