ফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে কুমিল্লা অতিক্রম করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানী ঢাকা থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। তাঁর সফরের খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্ন পয়েন্টে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ জড়ো হন।
বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর কুমিল্লার নিমসার মহাসড়ক এলাকা অতিক্রম করার সময় সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মহাসড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা করতালি ও স্লোগানের মাধ্যমে তাঁকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীও হাত নেড়ে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান।
নিমসার জুনাব আলী কলেজের শত শত শিক্ষার্থী ও শিক্ষকও মহাসড়কের পাশে অবস্থান নেন। কলেজটি জাতীয়করণের দাবিতে তারা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দীন এবং বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এছাড়া নিমসার জুনাব আলী কলেজের সামনে মো. গোলাম সারোয়ারের পক্ষ থেকেও বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা তাঁকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম ফেনী সফর। দিনব্যাপী সফরে তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন, সোলার বিদ্যুৎ প্রকল্প গ্রিডে সংযুক্তকরণ এবং কৃষক ও স্থানীয় মানুষের মধ্যে ‘কৃষক কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।