রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।
এর আগে রিমান্ড শেষে রাকিবুল হাসানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের পরিদর্শক জেহাদ হোসেন। প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান জানান, আসামিপক্ষ থেকে কোনো জামিন আবেদন করা হয়নি।
রাষ্ট্রদ্রোহ মামলায় গত বৃহস্পতিবার রাকিবুল হাসানের পাঁচ দিনের এবং সোমবার আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা এবং সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ নিয়ে এক ব্যক্তিকে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়। তবে অডিওটির কণ্ঠ রাকিবুল হাসানের কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অডিওটি ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে রাকিবুল হাসানকে প্রত্যাহার করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ঢাকা মহানগর পুলিশ। পরে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক সুব্রত দেবনাথের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।