জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, জাইমা রহমান জাতিসংঘের সংশ্লিষ্ট পদের জন্য প্রয়োজনীয় পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা পূরণ করেই নিয়োগ পেয়েছেন। তার দাবি, এই নিয়োগে সরকারের কোনো ধরনের ভূমিকা নেই।
তিনি বলেন, জাইমা রহমান নিজের যোগ্যতার ভিত্তিতে পি-৩ পদে নিয়োগ পেয়েছেন। এ পদের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতার সঙ্গে তার পেশাগত প্রোফাইল সামঞ্জস্যপূর্ণ। নিজের মেধা ও যোগ্যতায় আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত দায়িত্ব পালন করায় তাকে সাধুবাদ জানানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।