প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। এর আগে ১৭ সেপ্টেম্বর নির্ধারিত সফর স্থগিত করে নতুন তারিখ হিসেবে ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছিল।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেনী শহরসহ ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। স্থানীয়দের প্রত্যাশার কেন্দ্রে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন।
সফরে প্রধানমন্ত্রী পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজ উদ্বোধন করবেন। বর্ষা মৌসুমে ফেনীর উত্তরাঞ্চলের তিন উপজেলায় বন্যা ও জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা।
এ ছাড়া বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ এবং সরকারি দপ্তরে স্থাপিত সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম, ইমাম-পুরোহিতদের সম্মানী এবং দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা কার্যক্রমেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।
ফেনীবাসীর দীর্ঘদিনের দাবির মধ্যে রয়েছে একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। ফলে প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।