হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার সংস্কার এবং পুনরায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করতে ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর-১ নম্বরের রাড্ডা এলাকায় অবস্থিত ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি এ অনুদানের ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, অনুদানের অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত ভবনের কিছু অংশ সংস্কারের পাশাপাশি প্রয়োজনীয় মূল্যবান যন্ত্রপাতি কেনা হবে। এর মাধ্যমে মা, শিশু ও সন্তানদের স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় চালু করার আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা আশা করছি, এই টাকা হাতে পেলে ভেঙে যাওয়া ঘরটি কিছুটা সংস্কার করা যাবে। এ টাকা দিয়ে প্রয়োজনীয় মূল্যবান যন্ত্রপাতি কিনে আবার মা, সন্তান ও শিশুদের সেবা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, প্রতিষ্ঠানটি প্রায় অর্ধশতাব্দী ধরে মানুষকে সেবা দিয়ে আসছে। এর নিজস্ব কোনো রাজনৈতিক বা অন্য কোনো এজেন্ডা নেই; মানুষের সেবা করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।
তিনি বলেন, ‘তাই সরকারের পক্ষ থেকে এখানে একটি মজবুত ও শক্তিশালী কাঠামো গড়ে দিতে হবে।’এর আগে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, মুখোশধারী একদল ব্যক্তি স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মালামাল লুট করে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ভবন ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়।
এ ঘটনায় রাজধানীর শাহ আলী থানায় মামলা হয়েছে। পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পরিদর্শনের সময় ডা. শফিকুর রহমান প্রতিষ্ঠানটির অবস্থা দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।