সাইফুল ইসলাম সাগর, কলাপাড়া (পটুয়াখালী):
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে ৪ তলা ভিতবিশিষ্ট ১ তলা দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের “পরিচালন বাজেটের আওতায় অনাবাসিক ভবন নির্মাণ/সম্প্রসারণ কর্মসূচি (পূর্বতন-৭০১৬)” এর আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক বানীকান্ত সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুটি, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ হুমায়ুন সিকদার,জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাড. শাহজাহান পারভেজ এবং মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেয়। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রধান অতিথি নতুন ভবন দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন মানসম্মত শিক্ষার অন্যতম পূর্বশর্ত। আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হব।
এছাড়াও তিনি অভিভাবকদের বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন ভূমিকা পালনেরও আহ্বান জানান।
সভা শেষে পটুয়াখালী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।