পটুয়াখালীর গলাচিপায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পৃথক মতবিনিময় করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল হক নুর।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গলাচিপা উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলে উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।
মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম এবং জনসাধারণের প্রয়োজনীয়তার বিষয়গুলো তুলে ধরেন। এ সময় প্রতিমন্ত্রী এসব সমস্যা সমাধান ও ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।
এরপর শনিবার রাত সাড়ে ৯টার দিকে গলাচিপা উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।
মতবিনিময় সভায় সাংবাদিকরা তাদের পেশাগত কাজের বিভিন্ন সফলতা, সীমাবদ্ধতা ও সমস্যার কথা তুলে ধরেন। এ সময় প্রতিমন্ত্রী নুরুল হক নুর তার ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেন।
তিনি সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, অপসাংবাদিকতা থেকে সতর্ক থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদার বিষয়েও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের গণমাধ্যমগুলো একটি প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধভাবে পেশাগত দায়িত্ব পালন করবে—এটাই তার প্রত্যাশা।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ, প্রতিমন্ত্রীর প্রতিনিধি মো. আবু নাঈম, গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।