মৎস্য অধিদপ্তরের দেওয়া ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হওয়ায় ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।
গত ২২ সেপ্টেম্বর মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠিতে এসব অনাপত্তি সনদ বাতিল করা হয়। এরপর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির কার্যক্রম বন্ধ রয়েছে।
আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৎস্য অধিদপ্তরের পাঠানো একটি চিঠিতে বেশ কয়েকটি অনাপত্তি সনদ বাতিলের কথা জানানো হয়েছে। এর ফলে বর্তমানে ইলিশ আমদানি বন্ধ রয়েছে এবং এতে আমদানিকারকরা বিপাকে পড়েছেন।
এদিকে হঠাৎ আমদানি বন্ধের সিদ্ধান্তে আর্থিক ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।
ইলিশ আমদানিকারক সৈয়েদ মহিদুল হক রুবাই বলেন, আমদানির জন্য ভারতের ব্যবসায়ীদের কাছ থেকে ইতোমধ্যে ইলিশ কেনা হয়েছিল। সেসব মাছ এখন সেখানে আটকে রয়েছে। আমদানি করতে না পারায় কম দামে মাছ ফেরত দিতে হতে পারে।
তিনি আরও বলেন, এতে মাছের ক্রয়মূল্যের পাশাপাশি পরিবহন ও আমদানি প্রক্রিয়ায় ইতোমধ্যে হওয়া বিভিন্ন খরচেরও লোকসান গুনতে হবে ব্যবসায়ীদের।