চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ.ফ.ম. আনোয়ার হোসেন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-২-এর ৪৩ নম্বর সড়কের ২৯ নম্বর বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
মাহফুজুর রহমান মিতা চট্টগ্রাম-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ডিবি সূত্রের বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, সন্দ্বীপ থানায় দায়ের হওয়া একাধিক মামলায় মিতার নাম রয়েছে। এসব মামলার বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।