লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৩৯৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রিভার ব্যাটালিয়ন (এসআরবি)-৮।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের গজারিয়া-খালঘোঁড়া লঞ্চঘাটসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন—বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের বড়পাতা এলাকার রুহুল আমিন খাঁর ছেলে রফিক খাঁ (৪০) এবং একই এলাকার আব্দুল মুন্নাফ ঢালীর ছেলে মো. ইব্রাহিম (৪২)।
এসআরবি-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার বি এম তানজীবুল ইসলাম শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮-এর সদস্যরা গজারিয়া-খালঘোঁড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় দুই ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৩৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসআরবি-৮ জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৮ হাজার টাকা।
পরে জব্দ করা ইয়াবা ও আটক দুই ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।