বিরোধী দলের ধারাবাহিক অসহযোগিতার কারণে ‘কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়’ বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, সরকার শপথ নেওয়ার দিন থেকেই বিরোধী দল সহযোগিতার বদলে অসহযোগিতা করে আসছে। তাঁর দাবি, এই পরিস্থিতিই আওয়ামী লীগকে নতুন করে রাজনৈতিক সুযোগ করে দিচ্ছে।
তিনি বলেন, বিরোধী দল যদি লংমার্চ বা এ ধরনের কর্মসূচি না করত, তাহলে সেই সুযোগ তৈরি হতো না।
বিরোধী দলের সাম্প্রতিক আন্দোলনের সমালোচনা করে পানিসম্পদমন্ত্রী বলেন, তারা সংসদে সরকারকে সহযোগিতার কথা বললেও মাঠের কর্মসূচিতে ভিন্ন আচরণ করছে।
তিনি বলেন, বর্তমান সরকার একটি কঠিন অর্থনৈতিক ও অবকাঠামোগত পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়েছে। ছয় মাসের মধ্যে গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য সংকটের পুরোপুরি সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
এ্যানি প্রশ্ন তোলেন, লংমার্চ ও রোডমার্চে জ্বালানি খরচ, যানজট এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে কি না। এসব কর্মসূচিকে তিনি সরকারকে সহযোগিতার নমুনা হিসেবে দেখেন না বলেও জানান।
বিরোধী দল বিএনপিকে রাজনৈতিক চাপে রেখে ভবিষ্যতে ক্ষমতায় যেতে চায় বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, এ ধরনের কৌশল দেশের ও জনগণের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। পরবর্তী নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।