বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ সফল হওয়ায় অনেকের ‘মাথা গরম হয়ে গেছে’। গত দুই দিনে রাজধানীতে এর কিছু লক্ষণও দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি হতাশ না হয়ে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আজকে আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। প্রথম দফা ঢাকা থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর মেহেরবানীতে সেটি সফল হয়েছে। এতে অনেকের মাথা গরম হয়ে গেছে। গত দুই দিন ধরে রাজধানীতে এর কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি।’
তিনি বলেন, বর্তমানে ৮ দফা দাবি নিয়ে কর্মসূচি হলেও জাতির প্রয়োজনে তা ৯ বা ১০ দফায় রূপ নিতে পারে। আবার যেকোনো সময় তা এক দফায় পরিণত হতে পারে। এক দফায় পরিণত হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, সেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নেওয়া উচিত। দাবি না মানলে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র কাজে আসবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা কোনো দলীয় দাবি নিয়ে মাঠে নামিনি। আমরা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি।’ ১১ দলের সঙ্গে দেশের জনগণ রয়েছে দাবি করে তিনি বলেন, জনগণের দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন।