মোঃ তাজুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি;
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোড়খালী উচ্চ বিদ্যালয়ে আবারও শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষের ডাকা অভিভাবক সমাবেশ চলাকালে হঠাৎ করে আট শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ে ছুটে যান হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের নিয়ে একটি সমাবেশের আয়োজন করে। সমাবেশ চলাকালে হঠাৎ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থ আট শিক্ষার্থীর মধ্যে দুজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে পাঠানো হয়।
এর আগে গত ৭ সেপ্টেম্বর একই বিদ্যালয়ে ঝাঁজালো গন্ধে ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। পরে গত ১৪ সেপ্টেম্বর শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আরও ২১ শিক্ষার্থী। তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় একজন অভিভাবক ও হাসপাতালের এক স্টাফও অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
এ নিয়ে মাত্র কয়েক দিনের ব্যবধানে একই বিদ্যালয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা তৃতীয়বারের মতো ঘটল। পরপর এমন ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
গত ১৪ সেপ্টেম্বরের ঘটনায় হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানিয়েছিলেন, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধ থাকার বিষয়টি জানা গেছে। তবে কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ বা অজ্ঞান হচ্ছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
সর্বশেষ ঘটনার পরও শিক্ষার্থীরা কেন বারবার অসুস্থ হয়ে পড়ছে, এর কারণ অনুসন্ধান এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।