নওগাঁর প্রত্যন্ত গ্রাম থেকে নানা প্রতিকূলতা পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন। দরিদ্র পরিবারে জন্ম হলেও মেধা, অধ্যবসায় ও অদম্য প্রচেষ্টায় শিক্ষাজীবন শেষ করেন তিনি। তবে পড়াশোনা শেষ হওয়ার পর চাকরি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।
চাকরির আশায় বিভিন্ন দপ্তরে চেষ্টা চালিয়েও কাঙ্ক্ষিত সুযোগ পাচ্ছিলেন না শাকিল। একপর্যায়ে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে।
এরপর প্রধানমন্ত্রী তার উপদেষ্টা রুহুল কবির রিজভীকে শাকিলের কর্মসংস্থানের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সহযোগিতায় তার চাকরির ব্যবস্থা করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে শাকিল হোসেনের হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা পদে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার হাতে নিয়োগপত্র তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু এবং রুহুল কবির রিজভীর এপিএস জাহেদুল আলম।
দীর্ঘদিনের অপেক্ষার পর চাকরি পাওয়ায় শাকিলের কর্মজীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো।